নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, হস্তান্তর করল সেনাবাহিনী
পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকগাছা এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
শুক্রবার সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে সেনাবাহিনীর ২৮ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ অস্ত্রটি সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ছামিউল হকের হাতে তুলে দেন।
এর আগে ২৭ সেপ্টেম্বর পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকগাছা এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশীদ বলেন, গোপন তথ্যে বিশেষ টহল ওই বাড়িতে তল্লাশি অভিযান চালায়। পরে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রাইফেল উদ্ধার করে। অস্ত্রটি গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে লুট হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অস্ত্র হস্তান্তরের সময় নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম, লেফটেন্যান্ট কাজী সাদমান, ক্যাপ্টেন দ্বীন মোহাম্মদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
