২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের দাবিতে শিক্ষককে পেটাল ছাত্ররা, হাসপাতালে পাঠাল প্রশাসন

সাতক্ষীরার রতনপুর ইউনিয়নের সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস জানান।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2024, 10:01 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

পদত্যাগের দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একটি স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

রোববার সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস জানান। 

ওই বিদ্যালয়ের আহত প্রধান শিক্ষক হযরত আলীকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

হামলার শিকার হযরত আলী বলেন, ৫ অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে স্থানীয় একদল সুযোগসন্ধানী তাকে সরিয়ে দেওয়ার জন্য হেনস্তার অপচেষ্টা চালিয়ে আসছিল। বিষয়টি তিনি তখন জেলা প্রশাসক, শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করেন। 

“পূজার ছুটি শেষে আজ সকালে স্কুলে গেলে সেই মহলটি কোমলমতি ছাত্রদেরকে উসকে সব পরিস্থিতি সৃষ্টি করে আমার ওপর হামলা চালায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ইউএনওকে খবর দেন। তখন এসি ল্যান্ড ও সেনাসদস্যরা এসে উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “সবার সহায়তায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা প্রশাসন যেকোনো বিশৃঙ্খলা এড়ানোর চেষ্টা করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠ প্রশাসন ও সেনাবাহিনী, পুলিশ সবাই সচেষ্ট।” 

তিনি বলেন, প্রধান শিক্ষকের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। 

কালিগঞ্জ থানার এসআই তাপস কুমার ঘোষাল বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে উপজেলা সহকারী কমিশনার উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেন। হাসপাতালে ভর্তি করেন। সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক সহায়তা করেন। 

তিনি বলেন, এখনো কোনো মামলা হয়নি। তবে প্রধান শিক্ষক অভিযোগ দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।