ফেইসবুকে মন্তব্য করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৩০
সম্প্রতি দুই যুবকের মধ্যে ফেইসবুকে কমেন্ট নিয়ে কথা কাটাকাটির দুই দিন পর সংঘর্ষে ঘটনা ঘটেছে।
ফেইসবুকে মন্তব্য করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার।
আহতরা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির দুই যুবকের মধ্যে ফেইসবুকে কমেন্ট নিয়ে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার ঐক্কি বাড়ির প্রয়াত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তার মেয়ে আকলিমা বেগমের ওপর অতর্কিত হামলা চালায় পাঠান বাড়ির লোকজন।
এ ঘটনার জেরে দুই দিন ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে আশপাশের গ্রামের লোকজনের সহযোগিতায় ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
পুলিশ পরিদর্শক অমিতাভ দাস বলেন, এখন পরিস্থিতি পুলিশের নিযন্ত্রণে রয়েছে। পরবর্তীতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
