কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, ভূমি কর্মকর্তা-এএসআই আহত
ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানান ইউএনও।
কুমিল্লায় দাউদকান্দি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সহকারী ভূমি কর্মকর্তা ও এএসআইসহ আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম।
আহতদের মধ্যে উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং দাউদকান্দি থানার এএসআই মহসীন হোসেন কুমিল্লা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
অন্য আহতরা হলেন- ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক মনির, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী শাহাদাৎ ও সালাউদ্দিন, দাউদকান্দি থানার পুলিশ কনস্টেবল আতিক, আফসার এবং সজল। তারা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, “উপজেলার লক্ষ্মীপুর এলাকায় একটি জলাশয় থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় কয়েকজন আমাদেরকে বাধা দেয়।
“এক পর্যায়ে ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও পুলিশ সদস্য মহসীন হোসেন তাদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাদের পাল্টা হামলায় জয়নাল আবদীন ও মহসিন হোসেনসহ আটজন আহত হন।”
পরে আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
এ ঘটনা জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী।
দাউদকান্দি ইউএনও নাঈমা ইসলাম বলেন, হামলাকারীরা সরকারি কাজে বাধা দিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
