২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ইমামের

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 10:38 AM

Updated : 26 Aug 2026, 01:36 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক ইমামের মৃত্যু হয়েছে। 

সোমবার ভোরে উপজেলার দক্ষিণ বাশঁকান্দি ইউনিয়নের বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন। 

নিহত ৩৭ বছর বয়সী আব্দুর রহমান ওই ইউনিয়নের হাকিম আলী হাওলাদারের ছেলে ছিলেন এবং পঞ্চগ্রামের একটি মসজিদে ইমমামতি করতেন।

এলাকাবাসীর বরাতে ওসি মো. রকিবুল ইসলাম বলেন, “আবদুর রহমান প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে ফজরের নামাজে ইমামতি করার জন্য পঞ্চগ্রামের মসজিদের দিকে রওনা হন। 

“পথে স্থানীয় বা‌সিন্দা আব্দুল জব্বার শিকদারের বাড়ি সামনে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।” 

পরে এলাকাসী আব্দুর রহমানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।