সিলেটে মসজিদের মাইকে মৃত্যুর খবর প্রচার না করায় গ্রেপ্তার ১
এমনকি মসজিদের ইমামকেও জানাজায় আসতে দেওয়া হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক ব্যক্তির মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে প্রচার করতে না দেওয়ার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান মামলাটি করেন।
বুধবার সন্ধ্যায় বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া বলেন, মামলায় নুরুল হকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তেঘরি গ্রামের মইনুল হককে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ১২ অক্টোবর সকালে তেঘরি গ্রামের মো. চান মিয়া মারা যান। গ্রামের মসজিদ থেকে তার মৃত্যুর সংবাদ ও জানাজার নামাজের সময় এলাকাবাসীকে জানাতে চায় পরিবার।
তখন নুরুল হকসহ কয়েকজন মসজিদের মাইক ব্যবহার করতে দেননি। এমনকি মসজিদের ইমামকেও জানাজায় আসতে দেওয়া হয়নি।
