২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ব্যাংক কর্মকর্তা

ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 12:34 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

গোপালগঞ্জের সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দেওয়ার পর এক ব্যাংক কর্মকর্তার প্রাণ গেছে। 

সোমবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার ডুমদিয়া এলাকার ঢাকা খুলনা-মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানিয়েছেন।  

নিহত ৪৫ মিরাজ মিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মিরাজ বেসিক ব্যাংক নরসিংদী শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এসআই বলেন, “মিরাজ মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে কর্মস্থল নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন।

“পথে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এসআই রোমান মোল্লা।