Published : 03 Sep 2026, 06:20 PM
মাদারীপুর সদরে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে এক কনস্টেবলের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা।
নিহত আবদুস সালাম (৪০) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গজারিয়া ইউনিয়নের পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভুইয়ার ছেলে। তিনি শিবচর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাদের মধ্যে চার পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও হাসপাতাল থেকে জানা গেছে, বিকালে পুলিশবাহী একটি পিকআপ মাদারীপুর আদালতে আসামি রেখে শিবচর থানায় ফিরছিল। পথে ইব্রাহিম সরদার (৩০) ও তার সাত বছরের মেয়ে ইমা আক্তারকে সাইড দিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
এতে আবদুস সালাম গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া গাড়িতে থাকা চার পুলিশ সদস্য এবং ইমা ও তার বাবা ইব্রাহিমসহ ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, মাদারীপুর থেকে শিবচরগামী পুলিশের একটি গাড়ি এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।