Published : 02 Oct 2024, 06:46 PM
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফট দুর্ঘটনায় রোগীর স্বজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এক ঘটনা ঘটে বলে হাসপাতালটির পরিচালক আমিনুল ইসলাম জানান।
নিহত মো. জাহিদুল ইসলাম (৪০) কুমিল্লার দাউদকান্দি এলাকার বাসিন্দা।
তিনি ওই হাসপাতালে শিশু ওয়ার্ডে ১০ বছর বয়সি সন্তানের চিকিৎসার করাচ্ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদুল তার শিশু সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালের ১০তলায় শিশু ওয়ার্ডে সন্তানকে ভর্তি করেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ১০তলা থেকে নিচে নামার জন্য লিফট কল করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি লিফট কল করলে কিছু সময় পর দরজা খুলে গেলেও লিফট আসেনি। ওই লিফট বিকল ছিল, লিফট ম্যানও ছিলেন না।

কিন্তু বিষয়টি তিনি বুঝতে না পেরে ভেতরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে লিফটের সুড়ঙ্গ দিয়ে নিচে পড়ে গিয়ে মারা যান।
হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য আইয়ুব হোসেন বলেন, “খবর পেয়ে আমরা এসেছিলাম। পরে গ্রাউন্ড ফ্লোর থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।”
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুর মোর্শেদ বলেন, “আমরা শুনতে পাই, লিফটে একজন পড়ে গেছে। পরে লোকজন লিফট থেকে তাকে মৃত অবস্থায় নিয়ে আসেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।”
হাসপাতালটির পরিচালক আমিনুল ইসলাম বলেন, “লিফট থেকে পড়ে একজন মারা গেছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা জানতে পেরেছি, লিফটি সচল ছিল না, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তদন্ত করে দেখা হবে।”
এর আগে চলতি বছরের ১২ মে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকা পড়ে মমতাজ (৫০) নামের এক রোগীর মৃত্যু হয়।
এছাড়া ৩ মে চিকিৎসা নিতে আসা এক রোগী হাসপাতালের ১২তলায় লিফটের পাশের একটি ফাঁকা স্থান দিয়ে পড়ে জিল্লুর রহমান (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়।