২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ভারতীয় মিশন অভিমুখে যাত্রায় পুলিশের বাধা, উত্তেজনা

ভদ্রা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার গোলাম রাব্বানী শেখ জানান।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 08:23 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয় ঘেরাও করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ‘জুলাই ৩৬ মঞ্চ’ এর নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, পুলিশের লাঠিপেটায় তাদের তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভদ্রা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার গোলাম রাব্বানী শেখ জানান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নেতাকর্মীরা ভদ্রা মোড় এলাকা থেকে মিছিল শুরু করেন। কিন্তু ভদ্রা আবাসিক এলাকার এক নম্বর গেইটে হাই কমিশনার কার্যালয়ের ২০০ গজ দূরত্বে লোহার খাঁচা দিয়ে পথরোধ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাধা সরিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ মৃদু লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা রাস্তায় বসে অবস্থান নেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস, রাজশাহী মহানগরের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব সোয়েব আহমেদ, জেলা এনসিপি থেকে পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক ইফফাত উদ্দিন, জুলাই যোদ্ধা আবু রায়হান, নাটোর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মিফতাহুল জান্নাত বুশরা।

জুলাই যোদ্ধা মিফতাহুল জান্নাত বলেন, “ভারত পলাতক সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে। তাই এই কর্মসূচি করা হয়েছে। কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা লাঠিপেটা করেছে। আমাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। এর জবাব পুলিশকে দিতে হবে।”

তিনি কর্মসূচিতে তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হল- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে পলাতক সব আসামিকে ফেরত পাঠাতে হবে। না ফেরালে বাংলাদেশ থেকে ভারতীয় হাই কমিশন প্রত্যাহার বা স্থগিতাদেশ দিতে হবে। পুলিশের হামলার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।

উপ-কমিশনার গোলাম রাব্বানী শেখ বলেন, “আন্দোলনকারীরা বাধা ভেঙে সহকারী হাই কমিশনারের কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বেলা ৩টার দিকে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে যান।”