‘মতের বিরুদ্ধে প্রবাস যেতে চাওয়ায় স্ত্রীকে খুন’, স্বামী পলাতক
ওই গৃহবধূ দীর্ঘদিন সৌদি আরব ছিলেন; দুই বছর আগে দেশে আসেন বলে ছেলে জানান।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মতের বিরুদ্ধে প্রবাস যেতে চাওয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ পাওয়া গেছে পিকআপ ভ্যানচালক স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর তিনি পালিয়ে যান।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফাজেলপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক রিজাউল হক দিপু জানান।
নিহত গৃহবধূর (৪০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খোদাবক্সকাঠি গ্রামের আব্দুল গনি মিয়ার মেয়ে। তিনি স্বামী ও দুই সন্তানের সঙ্গে ফতুল্লার ফাজেলপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে পিকআপ ভ্যানচালক কাউছার আহমেদ তুহিন (৪৫) পলাতক।
মাকে হত্যার ঘটনায় বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন বড় ছেলে নাজমুল ইসলাম রবিন (২২)।
মামলার নথি থেকে জানা যায়, ওই গৃহবধূ দীর্ঘদিন সৌদি আরব ছিলেন; দুই বছর আগে দেশে আসেন। আগামী ৩০ সেপ্টেম্বর কাজের জন্য তার দুবাই যাওয়ার কথা। স্ত্রীর দুবাই যাওয়া নিয়ে আপত্তি ছিল কাউছারের। এ নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতের স্ত্রীকে খুন করেন তিনি।
ছেলে নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবারও মায়ের প্রবাসে যাওয়া নিয়ে বাবার আপত্তি ছিল; এই নিয়ে বাড়িতে ঝগড়াও হয়। মঙ্গলবার গভীর রাতে চিৎকার শুনে পাশের ঘরে গিয়ে মাকে রক্তাক্ত ও বাবার হাতে ছুরি দেখতে পাই। তখন আমি ও আমার ছোটভাই চিৎকার করলে প্রতিবেশীদের সহযোগিতায় মাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে জানায়।”
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি কাউছারকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
