Published : 11 Nov 2024, 07:58 PM
টাঙ্গাইলে দুটি হত্যা মামলাসহ তিনটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় তাকে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার বিকালে কড়া নিরাপত্তার মধ্যে তাকে টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলা হয়।
পরে তিন মামলায় আলাদা আলাদা শুনানি শেষে বিচারকরা পাঁচ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান টাঙ্গাইলের নব নিযুক্ত সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন।
এ সময় আওয়ামী লীগের এই নেতার বিচার দাবিতে আদালতের বাইরে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা আব্দুর রাজ্জাকের দিকে ডিম ছুড়ে মারেন।
পিপি শফিকুল ইসলাম জানান, বিকালে আব্দুর রাজ্জাককে প্রথমে মধুপুর আমলী আদালতে হাজির করা হয়। সেখানে ৪ অগাস্ট মধুপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
পরে শুনানি শেষে ওই আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মাহমুদুল মোহসীন আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৪ অগাস্ট মধুপুর উপজেলায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর মো. জাহিদ হাসান বাদী হয়ে মধুপুর আমলী আদালতে মামলা করেন। মামলায় আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।
পিপি জানান, আগের মামলার শুনানি শেষে আব্দুর রাজ্জাককে টাঙ্গাইল সদর আমলী আদালতে হাজির করা হয়। সেখানে ৫ অগাস্ট টাঙ্গাইল শহরে গুলিতে নিহত স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আটক
সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ও ফারুক খান ২ দিনের রিমান্ডে
শুনানি শেষে ওই আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম পশুপতি বিশ্বাস আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম।
আদালত সূত্র জানা গেছে, ৫ অগাস্ট টাঙ্গাইল শহরের প্রধান সড়কে ছাত্র-জনতা বিজয় মিছিল বের করে। ওই মিছিলে হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র মারুফ নিহত হয়। এ ঘটনায় ১৮ অগাস্ট মারুফের মা মোর্শেদা সদর থানায় হত্যা মামলা করেন। এতে আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।
পিপি শফিকুল ইসলাম বলেন, আগের দুই মামলার শুনানি শেষে আব্দুর রাজ্জাককে মির্জাপুর আমলী আদালতে হাজির করা হয়। সেখানে ইমন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক
শুনানি শেষে বিচারক ইসমত আরা আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৪ অগাস্ট মির্জাপুরের গোড়াই এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে কলেজছাত্র ইমন গুলিবিদ্ধ হন। পরে ১৮ অগাস্ট ইমন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় ১৯ অগাস্ট ইমনের ভাই সুমন মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। এতে আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।
আব্দুর রাজ্জাকের পক্ষে টাঙ্গাইল জেলা বারের সভাপতি এ কে এম শামীমুল আক্তারসহ প্রায় ২৫ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।
অপরদিকে পিপি শফিকুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক আইনজীবী আব্দুর রাজ্জাকের জামিনের বিরোধিতা করেন।
সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা
আন্দোলনে মৃত্যু: টাঙ্গাইলের রাজ্জাক-টিটুর নামে হত্যা মামলা
এদিকে আব্দুর রাজ্জাককে আদালতে হাজির করা হবে, এমন খবর পেয়ে সকাল থেকে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আদালত এলাকায় অবস্থান নেয়। বিকাল ৩টা ২০ মিনিটে আব্দুর রাজ্জাককে বহনকারী প্রিজন ভ্যান আদালত এলাকায় প্রবেশ করে।
এ সময় বিক্ষোভকারীদের ওই ভ্যান ঘিরে আব্দুর রাজ্জাকের বিচার দাবিতে স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে তারা আব্দুর রাজ্জাকের দিকে ডিম ছুরে মারেন।
আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে প্রথমে টাঙ্গাইল সদর থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হবে বলে জানান টাঙ্গাইল সদর থানারা ওসি তানভীর আহম্মেদ।
আওয়ামী লীগ সরকার পতনের পর ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়।