১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলে ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগে মামলাটি করা হয় বলে জানান আইনজীবী।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 06:28 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মিছিলে হামলার অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার মধুপুর থানা আমলী আদালতে মামলাটির আবেদন করেন উপজেলার মালাউড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নিয়ে মধুপুর থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী এম এ মালেক আদনান।

মামলায় ১১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, সাবেক চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার সাবেক মেয়র মাসুদ পারভেজ, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল এবং আউশনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা। 

মামলায় বলা হয়েছে, ৪ অগাস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সমন্বয়কদের নেতৃত্বে মধুপুর হাসপাতালের সামনে থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়।

মিছিলটি মধুপুর বাস স্ট্যান্ডে আনারস চত্বরে পৌঁছালে আব্দুর রাজ্জাকের নির্দেশে অন্য আসামিরা ছাত্র-জনতার ওপর লাঠিসোঁটাসহ দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাদীসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

আইনজীবী মালেক আদনান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মধুপুরে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মামলাটি করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। 

পরে বিচারক মামলাটি মধুপুর থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন বলে জানান তিনি।

আরও পড়ুন:

আন্দোলনে মৃত্যুটাঙ্গাইলের রাজ্জাক-টিটুর নামে হত্যা মামলা