২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলন: ৮৪ দিন পর কবর থেকে তোলা হলো সজলের লাশ

সজল হত্যা মামলার প্রধান আসামি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 02:31 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

মুন্সীগঞ্জে ছাত্র-জনতার আন্দোলেন নিহত রং মিস্ত্রী সজল মোল্লার মরদেহ দাফনের ৮৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের উপস্থিতিতে সোমবার শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়।  

মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

ওসি খলিলুর রহমান বলেন, “আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন ৪ অগাস্ট শহরের সুপার মার্কেট চত্বরের কাছে পুলিশ ও ছাত্রলীগের হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সজল মোল্লা।

“এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর তার ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ৪৫১ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত ন্যায় বিচারের স্বার্থে লাশের ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেয়।

সজল মোল্লা শহরের উত্তর ইসলামপুরের আলী আকবর মোল্লার ছেলে।

সজল হত্যা মামলার প্রধান আসামি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলে ওসি খলিলুর জানান।

সহকারী কমিশনার মাসুদ পারভেজ জানান, ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়েছিল। তাই তার প্রাণহানীর মামলার ন্যায় বিচারের স্বার্থে আদালত ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন।