২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টয়লেটে মিলল নিখোঁজ শিশুর লাশ, সৎ মা-নানা-চাচা আটক

ছয় দিন আগে জয়পুরহাটের কালাইয়ে চার বছরের শিশুটি বাবার বাড়ি থেকে নিখোঁজ হয় বলে জানায় পুলিশ।

টয়লেটে মিলল নিখোঁজ শিশুর লাশ, সৎ মা-নানা-চাচা আটক
নিহত রদিয়া আক্তার রুহি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 03:25 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

জয়পুরহাটের কালাই উপজেলায় নিখোঁজের ছয় দিন পর বাড়ির টয়লেট থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির সৎ মা, নানা ও চাচাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধারের পর শনিবার সকালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান কালাই থানার ওসি জাহিদ হোসেন।

নিহত রদিয়া আক্তার রুহি (৪) ওই গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের প্রথম পক্ষের মেয়ে।

আটকরা হলেন- রুহির চাচা একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে রনি, সৎ মা আব্দুর রহমানের দ্বিতীয় স্ত্রী সোনিয়া আক্তার এবং আব্দুর রহমানের শ্বশুর পাঁচবিবি উপজেলার শালট্টি গ্রামের বাসিন্দা জিয়া কসাই।

ওসি জাহিদ হোসেন বলেন, আব্দুর রহমানের প্রথম স্ত্রী পাশেই বাবার বাড়িতে থাকেন। তবে রুহি মায়ের সঙ্গে থাকলেও প্রায় প্রতিদিন দাদির সঙ্গে দেখা করতে বাবার বাড়িতে যেত। ২৪ মে বেলা সাড়ে ১১টার দিকে রুহি দাদির সঙ্গে দেখা করতে গিয়ে আর ফেরেনি।

বাবা মেয়ের কথা জানতে চাইলে রুহির চাচা ও সৎ মা বলেন, তার দাদি বাড়িতে না থাকায় তাকে মায়ের কাছে পাঠানো হয়েছে। সন্ধ্যা গড়িয়ে গেলেও মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন রুহির মা।

তিনি বলেন, পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রুহির মা। তদন্তের এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে রুহির বাবার দ্বিতীয় পক্ষের শ্বশুর জিয়া কসাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

এক পর্যায়ে জিয়া কসাই অন্যদের সহযোগিতায় শিশুটিকে হত্যা করে লাশ বাড়ির টয়লেটে ফেলে দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেন বলে জানান ওসি জাহিদ হোসেন।  

তিনি বলেন, শনিবার সকালে শিশুটির লাশের ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটির চাচা রনি ও সৎ মা সোনিয়াকে আটক করা হয়েছে।

তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।