ক্লাসে শিক্ষার্থীকে গুলি, সিরাজগঞ্জের সেই চিকিৎসকের ২১ বছর জেল
রায়হান শরীফ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন।
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর পায়ে গুলি করার মামলায় অস্ত্র আইনে শিক্ষকের ২১ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রফিক সরকার জানান।
দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। ২০২৪ সালের ৪ মার্চ ঘটনার পর পরই তাকে বরখাস্ত করে স্বাস্থ্য বিভাগ।
তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
গুলির ঘটনায় সেদিন এমবিবিএস শিক্ষার্থী আরাফাত আমিন তমাল (২২) আহত হয়েছিলেন। তিনি বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের আব্দুল্লাহ আল আমিনের ছেলে।
ঘটনার পর আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে হত্যাচেষ্টা এবং পুলিশের গোয়েন্দা শাখার এসআই ওয়াদুদ আলী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। পুলিশের অস্ত্র আইনের মামলার দুটি ধারায় রায় হলেও হত্যাচেষ্টা মামলা চলমান আছে।
মামলার বলা হয়, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে ছাত্র-ছাত্রীদের ভয়ভীতি দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র ও ছোরা নিয়ে পরীক্ষার হলে দায়িত্ব পালন করছিলেন রায়হান শরীফ। একপর্যায়ে তিনি হাতে থাকা ব্যাগ থেকে একটি পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন। গুলিটি ডান পায়ে লেগে তমাল আহত হন।
এর পর বিক্ষুব্দ শিক্ষার্থীরা রায়হান শরীফকে ক্লাসে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা ও চাকুসহ রায়হান শরীফকে আটক করে। অস্ত্রের কোনো নিবন্ধন ছিল না।
আইনজীবী রফিক সরকার বলেন, “ঘটনার পর থেকেই আসামি কারাগারে আছেন। একবার জামিনে কয়েকদিনের জন্য কারামুক্ত হলেও পরে তার জামিন বাতিল করে দেয় আদালত। অস্ত্র আইনের দুটি ধারায় তাকে ২১ বছর সাজা দেওয়া হয়েছে।”
