কারাগারের প্রাচীর টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল
জেল সুপার আব্দুল বারেক বলেন, “ওই হাজতি মানসিকভাবে অসুস্থ। তিনি পালাতে পারেননি।”
নোয়াখালী জেলা কারাগারের প্রাচীর টপকে এক হাজতি পালানোর চেষ্টা করেছেন। তবে, বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে আটক করেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক জানান।
এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
ওই হাজতির নাম মো. তানিম (১৯)। তিনি নোয়াখালী সদর উপজেলার মনপুর এলাকার মজিব শেখের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার তানিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
দুপুরের দিকে জেল সুপারের বাসার পাশের কারাগারের ১৮ ফুট উঁচু প্রাচীর উপর দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। কারা কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরে কারা পুলিশ প্রাচীরের বাইরে অবস্থান নিয়ে তাকে আটক করে এবং পুনরায় কারাগারে নিয়ে যায়।
মোবাইলে ধারণ করা দুটি ভিডিওতে দেখা যায়, ওই হাজতি কারাগারের প্রাচীরের উপর ছোটাছুটি করছেন এবং একপর্যায়ে নিচের দিকে নামার চেষ্টা করেন।
কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, “ওই হাজতি মানসিকভাবে অসুস্থ। তিনি পালাতে পারেননি।”
