২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ছাতা কারখানায় অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

“ভবনটি জনবহুল এলাকায় অবস্থিত এবং বিভিন্ন গেটে তালা লাগানো থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।”

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 11:49 AM

Updated : 26 Aug 2026, 01:27 PM

খুলনা নগরের বড় মির্জাপুর এলাকায় ছাতা তৈরির কারখানায় আগুন লেগে ভবনের একটি তলা পুরোপুরি পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিউর রহমান জানিয়েছেন।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মতিউর বলেন, “আগুনে পাঁচতলা ভবনের চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনটি জনবহুল এলাকায় অবস্থিত এবং বিভিন্ন গেটে তালা লাগানো থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে কেউ হতাহত হননি।”

স্থানীয়রা বলছে, রাত আনুমানিক দেড়টার দিকে ভবনটির তৃতীয় তলায় আগুনের ফুলকি দেখতে পান তারা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য অংশে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাদের ধারণা, কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবু বকর বলেন, “রাত দেড়টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভোর সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

“ভবনের চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনের আশপাশে অবস্থান করা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন সম্পূর্ণ নেভানো গেছে।”

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।