২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজে ‘প্রেমের দ্বন্দ্বে রাজনীতির যোগ’, দফায় দফায় হামলার পর বন্ধ

শম্ভুগঞ্জ জি কে পি কলেজে এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি জানান।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 08:19 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ময়মনসিংহ নগরীতে ‘প্রেমের দ্বন্দ্বকে’ কেন্দ্র করে দফায় দফায় হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একটি কলেজ।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত শম্ভুগঞ্জ জি কে পি কলেজে হামলা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান।   

কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, “কলেজে দফায় দফায় হামলার পর আমি অজ্ঞান হয়ে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েই এসেছিলাম। পরে একটি পক্ষ আবারও হামলা করে। যে কারণে বিষয়টি বড় আকার ধারণ করে।”

কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

পুলিশ, শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে পছন্দ করেন দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। ছাত্রীকে আবার তার এক সহপাঠীও পছন্দ করেন। 

এ নিয়ে দুই ছাত্রের মধ্যে সকাল ১০টার দিকে ক্যাম্পাসে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রথম বর্ষের ছাত্রকে চড়-থাপ্পর মারেন বলে অভিযোগ ওঠে।  

কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে প্রথম বর্ষের ছাত্রকে একটি কক্ষে নিয়ে বসিয়ে রাখে। এ সময় শিক্ষকরা একটি সভায় ব্যস্ত ছিলেন। প্রথম বর্ষের ছাত্রকে আশ্বাস দেওয়া হয়, সভা শেষে বিষয়টি মীমাংসা করা হবে।  

কিন্তু কক্ষে বসে প্রথম বর্ষের ছাত্র মোবাইলে তার বন্ধু ও পরিবারের লোকজনকে বিষয়টি জানায় এবং তাদেরকে দ্রুত ক্যাম্পাসে আসতে বলে। খবর পেয়ে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কলেজে এসে হামলা চালায়। 

খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কলেজ কর্তৃপক্ষ তখন বিএনপি নেতৃবৃন্দ ও দুই শিক্ষার্থীকে নিয়ে মীমাংসার জন্য বসে। ক্যাম্পাসের ফটক বন্ধ করে দেওয়া হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে ময়মনসিংহ মহানগর যুবদলের সহসভাপতি ও শম্ভুগঞ্জ মোড়ের বাসিন্দা আজিজুল হক ২৫-৩০ জনকে নিয়ে কলেজ গেইটে উপস্থিত হন। তিনি গেইট খুলে দিতে বললে কলেজের পিয়ন অস্বীকৃতি জানান। 

এ সময় কলেজের ভিতরে উপস্থিত ছিলেন বিএনপি কর্মী স্বপন মিয়া। তিনি গেইটে এসে আজিজুল হককে বলেন, সবাইকে নিয়ে কলেজে ঢুকলে পরিস্থিতি খারাপ হতে পারে। আজিজুল একা ঢুকলে গেইট খুলে দেওয়া হবে। 

কিন্তু গেইট খুলে দিলে আজিজুলের সঙ্গে তার সহযোগীরাও ক্যাম্পাসে ঢুকে পড়েন। এবং সেখানে শিক্ষার্থীদের উপর আরেক দফা হামলা চালানো হয়। এতে এক শিক্ষার্থী আহত হন। 

পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিএনপি কর্মী স্বপন মিয়া বলেন, “প্রথম দফায় হামলার পর আমরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। তবে আজিজুল হক ও তার লোকজন কলেজে প্রবেশ করে আবারও হামলা করে। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” 

তিনি বলেন, এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করতে চেয়েছিল। তবে, কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি থেকে পিছিয়ে আসে। 

ময়মনসিংহ মহানগর যুবদলের সহসভাপতি আজিজুল হক বলেন, “আমি ঘটনা শুনে মীমাংসা করার জন্য যাই। গিয়ে দেখি, বিএনপি নেতা কামাল হোসেনের ছোট ভাই স্বপন কলেজের ভিতরে তার লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে। এ সময় গেইটে তালা লাগানো ছিল। আমি গেলে তালা খুলে দিলে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করি। তবে, আমার সঙ্গে কোনো লোকজন ছিল না। গেইট খুলে দিলে প্রতিপক্ষের কিছু লোক আমার সঙ্গে প্রবেশ করে।” 

তিনি বলেন, “এ সময় স্বপনের নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলা হয়। হামলার সময় এক ছাত্রকে ছুরিকাঘাত করা হয়। তখন আমি স্বপনকে বলি, ওই ছেলে যদি মারা যায়, তাহলে তাকে হুকুমের আসামি করে মামলা করব। পরে কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করলে শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি ফিরে যায়।”

কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, “দফায় দফায় কারা হামলা করেছে, তাদের কাউকেই আমি চিনি না। তবে কয়েক দিন পর পর কলেজে এভাবে হামলা করলে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি হবে। আমরা আগামী দুই- একদিনের মধ্যে স্থানীয়দের সঙ্গে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করব। যদি মীমাংসা না হয়, তাহলে আইনের সহায়তা নেব। তবে বারবার এভাবে বহিরাগতরা হামলা করবে–এটা আর মেনে নেওয়া হবে না।” 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “এক মেয়েকে দুজন পছন্দ করে- এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বিষয়টি অন্য পর্যায়ে চলে যায়। হামলার ঘটনায় একজন হাসপাতালে চিকিৎসাধীন।”

তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।