১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উখিয়া ও টেকনাফের পাহাড়ে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাদক উদ্ধার

তিন মাসে কক্সবাজারে ৪০টির মত অপহরণের ঘটনা ঘটেছে; যার মধ্যে ৩০টির মত ঘটনা টেকনাফ ও উখিয়ায় সংঘটিত হয়েছে বলে জানায় র‌্যাব।

উখিয়া ও টেকনাফের পাহাড়ে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাদক উদ্ধার
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে উদ্ধার করা দেশি অস্ত্র ও মাদক।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 07:58 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

মাদক নির্মূল ও অপহরণ রোধে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে বিপুল দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। তবে কেউ আটক হয়নি।

বৃহস্পতিবার বেলা ৩টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান।

সকাল থেকে আলাদা আলাদাভাবে চালানো এ অভিযানে র‌্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, এনপিবিএন ও বনবিভাগ মিলে পাঁচ শতাধিক সদস্য অংশ নেন।

লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, “কক্সবাজার একটি অপরাধ প্রবণ জেলা। এখানে প্রায়শ মাদক, চোরাচালান ও অপহরণের মত ঘটনা ঘটছে। গত তিন মাসে এ জেলায় ৪০টির মত অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩০টির মত ঘটনা শুধু টেকনাফ ও উখিয়ায় সংঘটিত হয়েছে।”

তিনি বলেন, অপহরণকারীরা সাধারণত ভিকটিমদেরকে উখিয়ার জালিয়া পালং, শামলাপুর, কুটুমগুহা এবং টেকনাফের রঙ্গীখালী, আলীখালী ও জালিয়া পাড়ার গহীন পাহাড়ে নিয়ে রাখে। এসব এলাকা দুর্গম হওয়ায় সন্ত্রাসী ও ডাকাতরা তাদের নিরাপদ আশ্রয় মনে করে।

এসব এলাকা থেকে অপরাধীদের আস্তানা ধ্বংস এবং মাদকের পথ বন্ধ করতে বৃহস্পতিবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ শতাধিক সদস্য সাঁড়াশি অভিযান পরিচালনা করেন বলে জানান কামরুল হাসান।

অভিযানে পাহাড়ে কয়েকটি অস্থায়ী টংঘর ও কটেজের সন্ধান পাওয়া যায়। যেখানে তল্লাশি করে দুই হাজার ৫০টি ইয়াবা, ১০ গ্রাম গাঁজা, দুটি এলজি, একটি শুটারগান, ১১টি গুলি, একটি অস্ত্রের যন্ত্রাংশ, চারটি রামদা, দুটি ছুরি, একটি চাকু ও তিনটি কিরিজসহ বিপুল দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এসব এলাকায় আবার যাতে অপরাধীরা আশ্রয় নিতে না হতে পারে সেজন্য নিয়মিত ব্যবধানে অভিযান চালানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।