খুলনায় বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার
ভাড়া বাসার দরজা ভেঙে লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
খুলনা নগরীর একটি বাসা থেকে এক নারী ও তার নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া নিখোঁজ রয়েছে অপর এক নাতি। এ ঘটনার পর থেকে শিশু দুটির সৎ বাবা পলাতক রয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার কাঁচা বাজারের পাশে দারুল আমান মহল্লার সুজুকি কর্নার গলির শরিফুল ইসলামের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।
নিহতরা হলেন- বেবী বেগম (৬৫) ও নাতি শামীম ব্যাপারী (১২)। সম্পর্কে তারা নানি ও নাতি বলে স্থানীয়রা জানিয়েছে। নিখোঁজ রয়েছে চার বছরের মুস্তাকিম ব্যাপারী। পলাতক রফিকুল ইসলাম নগরের দৌলতপুর থানার মানিকতলা এলাকার বাসিন্দা। শিশু দুটির মায়ের নাম ফাতেমা বেগম।
ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন নারী ও এক শিশু। তবে অন্য নাতি মোস্তাকিম এখনও নিখোঁজ রয়েছে। তার সন্ধান করছে পুলিশ।
তিনি বলেন, ফাতেমা বেগমের প্রথম পক্ষের সন্তান শামীম ও মুস্তাকিম। প্রায় চার বছর আগে ফাতেমার সঙ্গে তার প্রথম স্বামী মাসুম ব্যাপারীর বিচ্ছেদ হয়। এরপর দুই সন্তান শামীম ও মুস্তাকিম মায়ের সঙ্গেই বসবাস করত।
“ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে”, বলেন ওসি রফিকুল।
খুলনা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “পারিবারিক বিরোধের জেরে ফাতেমার দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। রফিকুল পেশায় একজন ট্রাকচালক। ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
