Published : 28 Mar 2026, 12:12 AM
প্রধানমন্ত্রীর পছন্দের নকশা অনুযায়ী বগুড়ার ‘শাকপালা পার্ক’ সংস্কার হবে; যা আগামী সপ্তাহ থেকে সড়ক ও জনপথ বিভাগ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার বেলা ১১টার দিকে পার্কটি পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।
শাকপালা পার্কটি তারেক রহমানের নিজ হাতে গড়া জানিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “মুহাম্মদ ইউনূসে শাসনামলে লন্ডনে এ পার্ক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই থেকে সারাদেশে এটি আলোচনার জায়গা। প্রথমে সড়ক ও জনপথ বিভাগ অর্থ সংকটের কারণ দেখালে এ পার্কটি বগুড়া পৌরসভা সংস্কারের দায়িত্ব নেয়।
“কিন্তু এটি সংস্কারে অনেক অর্থের দরকার; যা বগুড়া পৌরসভার পক্ষে সম্ভব না। পার্কটি প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দ অনুযায়ী নকশায় সংস্কার করা হবে। আর সড়ক ও জনপথ বিভাগ এ কাজটি করবে।”
বগুড়া সিটি করপোরেশন ঘোষণা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বগুড়া সিটি করপোরেশন ঘোষণা আলোচনায় আছে। যদি সিটি করপোরেশন ঘোষণা হয় তাহলে বগুড়া পৌরসভা বিলুপ্ত করে আগে নির্বাচন হবে, আর না হলে বগুড়া পৌরসভার নির্বাচন হবে।”
পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পৌরসভার প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্তসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের নিজ হাতে গড়া এ শাকপালা পার্কটি এক সময় এলাকাবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল। তবে আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকে পার্কটি।
সরেজমিনে দেখা গেছে, বগুড়া-নাটোর ও বগুড়া-রংপুর মহাসড়কে ত্রিকোণ বিশিষ্ট পার্কটির অবস্থান। পার্কের মাঝে বিশাল জায়গা। সেখানে এখনও একটি পদ্মপুকুর এবং উঁচু টিলায় ছোট ছোট ঘর শোভা পাচ্ছে।