সিরাজগঞ্জে যমুনায় ‘গোসলে গিয়ে’ ভাই-বোন নিখোঁজ
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে তারা উদ্ধার অভিযান শুরু করবে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দাদার সঙ্গে যমুনা নদীতে গোসলে গিয়ে চাচাতো ভাই-বোন নিখোঁজ হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নৌকা ঘাটে এ ঘটনা ঘটে বলে স্থানীয় খাস কাউলিয়া ইউপির সাবেক সদস্য আব্দুল হাকিম জানান।
নিখোঁজ শিশুরা হল- ওই ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে হজরত আলী (৭) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে খাদিজা খাতুন (৬)। এরা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
শিশু দুটির পরিবারের বরাত দিয়ে সাবেক ইউপি সদস্য হাকিম বলেন, শিশু দুটি তাদের দাদার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যায়। দাদা প্রথমেই দুই নাতি-নাতনিকে গোসল করিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এরপর নিজে গোসল শেষে ফিরে এসে দেখেন, শিশু দুটি বাড়ি আসেনি ।
এরপর আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে নদী পাড়ে গিয়ে শিশু দুটির জুতা দেখতে পান স্বজনরা।
পরিবার ধারণা করছে, শিশু দুটি তাদের দাদার অগোচরে ফের নদীতে নেমে নিখোঁজ হয়। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাদের পায়নি।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল হক বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে তারা উদ্ধার অভিযান শুরু করবে।”
