১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে: উদ্ধারে ধীরগতি, চলাচলে ভোগান্তি

দুই থেকে তিন দিনের মধ্যে ব্রিজটি পুনর্নির্মাণ করা সম্ভব হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 04:15 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম। তবে উদ্ধারে ধীরগতি হওয়ায় এ পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। 

ঘটনার পরদিন সোমবার সকালে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বেইলি ব্রিজটি পুনর্নির্মাণের কাজ শুরু করেছে সড়ক বিভাগ।

ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহরের হাজার হাজার মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। প্রায় দেড় কিলোমিটার ঘুর পথে শহরের বিভিন্ন স্থানে যেতে হচ্ছে। এটিই জেলা শহরের প্রধান সড়ক বিধায় স্কুল, কলেজ, বাজার সহ বিভিন্ন অফিস আদালতে যেতে এই রাস্তা ব্যবহার করতে হয়।

নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, সকাল থেকে ট্রাকটি তোলার কাজ চলছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি পুনর্নির্মাণ করা সম্ভব হবে।

এর আগে রোববার সকাল ৮টায় টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে পাচুড়িয়া এলাকার বেইলি ব্রিজ হয়ে বালুভর্তি একটি ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। 

বেইলি ব্রিজটি পার হবার সময় এটি ভেঙে ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। এ সময় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও পড়ে যায়। এরপর থেকে বন্ধ রয়েছে এই পথ।