২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় রেলপথে বাবা-মেয়ের খণ্ডিত লাশ, পরিবারের ধারণা ‘আত্মহত্যা’

কোরবান সকালে মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 02:44 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

নওগাঁর রাণীনগর উপজেলায় রেললাইন থেকে এক ব্যক্তি ও তার মেয়ের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চকের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান।

নিহতরা হলেন-রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী (৩৫) ও তার ১০ বছর বয়সী মেয়ে কোহেলী খাতুন।

কোরবানের ভাই ইউসুফ আলী বলেন, “ভাই বাকপ্রতিবন্ধি ছিল এবং দিনমজুরের কাজ করতো। পারিবারিক কলহের জেরে সে তার মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে।”

ওসি হাবিবুর বলেন, “কোরবান সকালে মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পথে চকের ব্রিজ অতিক্রম করার সময় উত্তরবঙ্গগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

“সকালে রেল লাইনের ওপর বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”