ছাত্র আন্দোলনে বিজিবি সদস্য নিহত: গাজীপুরে আসামি কয়েক হাজার
৫ অগাস্ট নায়েক মো. আব্দুল আলীম শেখ হত্যার ঘটনায় মামলাটি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের শ্রীপুরে বিজিবি সদস্য নিহতের ঘটনায় অজ্ঞাত কয়েক হাজার আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার সকালে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বৃহস্পতিবার বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের জেসিও নায়েব সুবেদার সোহেল রানা বাদী হয়ে মামলাটি করেন। ৫ অগাস্ট নায়েক মো. আব্দুল আলীম শেখ হত্যার ঘটনায় মামলাটি করা হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, ৫ অগাস্ট সকাল ৯টার দিকে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়ন সদস্যরা গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলে দায়িত্ব পালনের উদ্দেশে রওনা দেয়। পথে তারা ত্রিশাল, ভালুকাসহ বেশ কয়েকটি স্থানে বাধার মুখে পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে মাওনা ফ্লাইওভার সংলগ্ন এলাকায় পৌঁছলে বড় ধরনের বাধার সম্মুখীন হয়।
ওই এলাকায় কয়েকটি বেসামরিক যানবাহন পোড়ানো ও ভাঙচুর করা হয়। ফলে চলাচলের জন্য রাস্তা সংকীর্ণ হয়ে যায়। তখন হাজার হাজার জনতা রাস্তায় অবস্থায় করায় কনভয়টি ধীরগতিতে চলতে থাকার কারণে বিজিবি সদস্য বহনকারী দুটি বেসামরিক বাস ও একটি পিকআপ কনভয় থেকে বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে যায়।
তৎক্ষণাৎ স্থানীয়দের মাঝে বিজিবি সদস্যদের নিয়ে গুজবের সৃষ্টি হয় যে, কনভয়ে ভারতের ‘বিএসএফ’ এবং ‘র’ এর এজেন্ট বিজিবির পোশাক পরে ছদ্মবেশে ঢাকার উদ্দেশে যাচ্ছে।
এ ধারণার বশবর্তী হয়ে, রাস্তায় অবস্থানকারীরা গাড়ি দুটির গতিরোধ করে ‘বিএসএফ’ বলে চিৎকার করতে থাকেন। তখন বেশ কয়েকজন ক্ষিপ্ত হয়ে বাসে উঠে পড়েন এবং বিজিবি সদস্যদের ‘ভারতীয় বিএসএফ’ এবং ‘র’ এর এজেন্ট বলে গালিগালাজ করতে থাকেন।
বাসে উপস্থিত বিজিবি সদস্যরা তাদের বার বার পরিচয় নিশ্চিত করাসহ প্রত্যেকের আইডি কার্ড প্রদর্শন করেন। বিজিবির কথায় কোনো প্রকার কর্ণপাত না করে তারা বাস দুটিকে একটি পেট্টোল পাম্পের কাছে নিয়ে যেতে বাধ্য করে।
অতঃপর বিক্ষুব্ধ জনতা বাসের চাকার হাওয়া ছেড়ে দেয়। এমন সময় একটি বাসের সবার অস্ত্র এবং মোবাইল বিক্ষোভকারীরা বস্তার মধ্যে ভরে নিয়ে নেয় এবং অপর বাসের অস্ত্র এবং মোবাইলও জমা নেওয়া শুরু করে।
এরই মধ্যে বিক্ষুব্ধ জনতার মধ্যে কয়েকজন ইন্ধন দিয়ে বাসের ভিতর অবস্থানকারী বিজিবি সদস্যদের পুড়িয়ে দেওয়ার জন্য বাসের গায়ে পেট্রোল ঢালতে থাকে এবং বাসের তেলের ট্যাংকি ছিদ্র করে দেয়। তখন বাসের ভিতরে প্রবেশ করা অন্যান্য বিক্ষুব্ধ জনতা যারা আগে উঠেছিল তারা নামতে শুরু করে এবং বাসের গেইট জিআই তার দিয়ে বন্ধ করে দেয়।
তখন বাসে অবস্থানকারী বিজিবি সদস্যরা নিজের জীবন বাঁচাতে জোরাজুরি করে বস্তা থেকে অস্ত্র নিয়ে বাসের বাইরে নেমে আসে। এই সময় উত্তেজিত লোকজন বিজিবির হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় এবং তাদেরকে লাঠিসোঁটা দিয়ে প্রহার করতে থাকে।
চারদিক থেকে তখন আরও হাজার হাজার মানুষের আগমন ঘটে ও মুহুর্মুহু ইট, পাটকেল, ককটেল, পেট্রলবোমা নিক্ষেপ করতে থাকে। বিক্ষুব্ধ জনতা নায়েক মো. আব্দুল আলীম শেখসহ ১০-১২ জনকে গুরুতর আহত করে এবং নারকীয় তাণ্ডব চালিয়ে যেতে থাকে। তখন বিজিবি জান ও মালের হেফাজতের জন্য আত্মরক্ষার্থে ফাঁকা গুলি করে। সংবাদ পেয়ে সামনে পিকআপে থাকা দলটি বাসে থাকা সদস্যদের উদ্ধারের জন্য এগিয়ে আসে।
কিন্তু ততক্ষণে গুজব ছড়িয়ে পড়ার কারণে পিকআপে থাকা দলটি উত্তেজিত জনতার রোষানলে পড়ে। ফলে দলটি বাসের কাছাকাছি এসেও উদ্ধার করতে ব্যর্থ হয় এবং এক সময় দলটি পিকআপ ছেড়ে দৌড়ে গ্রামের ভিতরে এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তখন বিক্ষুব্ধ জনতা ছেড়ে যাওয়া পিকআপটি আগুনে পুড়িয়ে দেয়।
আনুমানিক বেলা ৩টার দিকে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) থেকে আরেকটি দল দুটি এপিসি নিয়ে আটকেপড়া বিজিবি সদস্যদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছায়। পথে এপিসিগুলো জনতা আটকে দেয় এবং উপরে উঠে পড়ে। এপিসিগুলো ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে স্থানীয়দের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়।
এর মধ্যে ঘটনাস্থলে আবারও এলোপাতাড়ি ইট, পাটকেল, পেট্রলবোমা নিক্ষেপ করতে থাকলে এই এপিসি দুটিসহ অন্য স্থানে চলে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ হতে আরও একটি দল সেনাবাহিনী ও দুজন ম্যাজিস্ট্রেটসহ বিজিবি সদস্যদের উদ্ধার করতে আসে। ঘটনাস্থলে বিজিবি দলটি পৌঁছে গাড়ি থেকে নেমে উত্তেজিত জনতাকে প্রশমিত করার চেষ্টা করে। এর মধ্যে বিজিবি সদর দপ্তর হতে হেলিকপ্টারের মাধ্যমে কয়েকবার তাদের উদ্ধারের চেষ্টা করা হয়।
তখন ভারতীয় সেনাবাহিনী এসেছে ‘বিএসএফ’কে উদ্ধার করতে- এমন গুজব আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে বিক্ষুব্ধ জনতা হেলিকপ্টার লক্ষ্য করে ক্রমাগত ইট-পাটকেল ছোড়া এবং হাজার হাজার জনতার উপস্থিতির কারণে হেলিকপ্টারটি অবতরণ করতে পারেনি।
এর মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগ করার খবর ছড়িয়ে পড়লে আরো হাজার হাজার মানুষ এই মিছিলে যোগ হতে থাকে। ময়মনসিংহ হতে আগত দলটি বারংবার মেগাফোনের মাধ্যমে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের নারকীয় তাণ্ডব চালিয়ে যেতে থাকে এবং বেশ কয়েকজনকে আহত করে ফেলে।
পরবর্তীতে বাসে আটকেপড়া বিজিবি সদস্যরা সেনাবাহিনীর আশ্রয়ে থেকে যায়। ময়মনসিংহ হতে আগত দলটিকে হাজার হাজার উত্তেজিত আক্রমণকারীরা ধাওয়া করে মারতে মারতে কিছু সদস্যকে প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত দূরে নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ির একটি মসজিদে আটকে রাখে।
মসজিদে আটক গুরুতর আহত পাঁচজন যে মুসলমান এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়। এ সময় হাজার হাজার উত্তেজিত আক্রমণকারী মসজিদের কাঁচের দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। তখন স্থানীয় কয়েকজন সহায়তাকারী ব্যক্তির সঙ্গে মারপিটের সময় দুজন বিজিবি সদস্য বেসামরিক পোশাক পরে বের হয়ে যেতে সক্ষম হন।
এরপর আরও আক্রমণকারী একত্রিত হয়ে রামদা এবং লাঠিসোঁটাসহ মসজিদের মধ্যে অবস্থানকারী অবশিষ্ট তিনজনকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য চিৎকার করতে থাকে। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় এই তিনজন লুঙ্গি এবং গেঞ্জি পরিধান করে নেন। রাত আনুমানিক ৯টার দিকে আক্রমণকারীরা মসজিদের কাঁচের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করলে তিন বিজিবি সদস্য কৌশলে বের হয়ে যায় এবং রাস্তা পার হয়ে কিছু বেসামরিক ব্যক্তির সহায়তায় একটি বাড়িতে আশ্রয় গ্রহণ করে।
বিক্ষুব্ধ অজ্ঞাত জনতা নায়েক মো. আব্দুল আলীম শেখকে গুরুতরভাবে আক্রমণ করে ঘটনাস্থলে হত্যা করে। তাছাড়া আক্রমণকারীদের হামলায় আরও ৬৪ জন বিজিবি সদস্য গুরুতর আহত হয় এবং বিজিবির সরকারি একটি জিপ, ছয়টি পিকআপ, তিন টনের তিনটি ট্রাক, একটি ম্যাজিস্ট্রেটের পিকআপ ও দুইটি সিভিল বাস ভাঙচুর করে পুড়িয়ে দেয়।
এতে বিজিবির আনুমানিক চার কোটি ১২ লাখ ৯ হাজার ২৩৮ টাকার ক্ষতি এবং নিরাপত্তায় নিয়োজিত বিজিবি সদস্যদের সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে বলে মামলা উল্লেখ করা হয়েছে।
