২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মঞ্চেই তিনি মাগরিবের নামাজ আদায় করেন। পরে প্রায় ২৮ মিনিট বক্তব্য দেন।

‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনি জনসভার মঞ্চে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 09:10 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটি নানাভাবে ভোট দখলের চেষ্টা করছে। 

তিনি বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচন হচ্ছে, দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন, জনগণের শাসন কায়েমের নির্বাচন, দেশ গড়ার নির্বাচন। তাই ফজরের নামাজ নয়; তাহাজ্জুদের নামাজ পড়েই ভোটকেন্দ্রে যেতে হবে। দলীয় নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। একটা দল নানাভাবে ভোট দখলের চেষ্টা করছে। 

দলটি সম্পর্কে বলতে গিয়ে বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “কেউ কেউ বলে, অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। ৫০ বছর আগেই তাদেরকে দেখেছি। ১৯৭১ সালে যে যুদ্ধ, যে যুদ্ধে তারা স্বাধীনতার বিরোধীপক্ষে ছিলেন। যাদের ভূমিকার জন্য এই দেশের লক্ষ লক্ষ ভাই শহীদ হয়েছেন। এই দেশের লক্ষ লক্ষ মা-বোনের সম্মানহানি হয়েছে। তাদের তো বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে।”

তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে রাসুল (সা.) ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে।” 

বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা পরিষদের মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, “একটি দল বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর, এনআইডি সংগ্রহ করছে। বিকাশের মাধ্যমে টাকা দিচ্ছে। নির্বাচনের আগেই অসৎ হলে তারা কিভাবে ‘সৎ মানুষের শাসন’ কায়েম করবে?” 

তিনি বলেন, “কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি। দিল্লিও নয়, পিন্ডিও নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। যেহেতু আমরা বিশ্বাস করি, দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস। সে জন্যই আমরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করি।”

বিএনপি দেশের প্রত্যেক মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেন তারেক রহমান। এ সময় তিনি দুটি কার্ড দেখিয়ে বলেন, “ক্ষমতায় গেলে চা বাগানের নারী শ্রমিক এবং গ্রামগঞ্জের নারীদের জন্য ফ্যামেলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।”

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশের মঞ্চে তারেক রহমান আসেন ৫টা ৩৪ মিনিটে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মঞ্চেই তিনি মাগরিবের নামাজ আদায় করেন। পরে প্রায় ২৮ মিনিট বক্তব্য দেন। 

তারেক রহমান আসার আগেই সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে পড়ে। মঞ্চে উঠে বিএনপি চেয়ারম্যান হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার সিফা। এ সময় জেলার চারটি আসনের দলীয় প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেন। 

সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু। বক্তব্য দেন বিএনপি প্রার্থী ডা. সাখাওয়াত হোসেন জীবন, ড. রেজা কিবরিয়া, জি কে গউছ, এস এম ফয়সল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিম।

জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনদের সম্মানির ব্যবস্থা করবে। যুবকদের কর্মসংস্থান হবে। বিদেশগামী যুবকদের প্রশিক্ষণের আয়োজন করা হবে।

তিনি বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দেখেই বোঝা যায়, আপনাদের এলাকার স্কুল- কলেজ ও হাসপাতালের কী অবস্থা।” 

বিভিন্ন আসনের নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন। তারা ধানের শীষ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগান দেন। অনেকে মাথায় ধানের শীষের ছবি সংবলিত টুপি আর কপালে দলীয় পতাকা বেঁধে সভায় হাজির হন।