২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জামালপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন, ৪ লাখ অর্থদণ্ড

২০২৩ সালের ২০ জুলাই রাতে আসামি ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2026, 02:59 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

জামালপুরে এক নারীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক এ তথ্য জানান।

দণ্ডিত আসলাম হোসেন (৩৩) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকার হায়দর আলীর ছেলে। 

মামলার বরাতে পিপি ফজলুল হক বলেন, আসলাম হোসেন ভোক্তভোগী নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। পরে মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে বাবা-মা তাকে বিয়ে দেন। সংসার করার সময় আসলাম ওই নারীর স্বামীর কাছে বিভিন্ন ধরনের কথা বলে তাদের সংসারে অশান্তি সৃষ্টি করেন।

পরে ২০২৩ সালের ১০ জুলাই ভোক্তভোগী নারীর তালাক হয়ে যায়। তারপর থেকে তিনি বাবার বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। ওই বছরের ২০ জুলাই রাত ৩টার দিকে আসামি ভোক্তভোগী নারীর ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। 

পরে স্থানীয়রা আসলাম হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনার দুদিন পর ২২ জুলাই ভুক্তভোগী নারীর বাবা আসলাম হোসেনকে আসামি করে বকশীগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন বলে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানিয়েছেন। 

তিনি বলেন, ঘটনার তিন বছর পর নয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বিচারক আসমিকে যাবজ্জীবন কারাদণ্ড  এবং চার লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।