Published : 21 Jun 2026, 06:14 PM
খাগড়াছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে খাগড়াছড়িতে ২০ লাখ গাছের চারা রোপণ করা হবে।
“পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
এ সময় তিনি সবাইকে বেশি করে গাছ লাগানো এবং লাগানো গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
রিজিয়ন কমান্ডার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী নানা পরিবেশগত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, সেনাবাহিনীর কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়।