মানিকগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা, একজনের যাবজ্জীবন
২০২১ সালের ৪ জুন বাড়ির পাশে মরিচ ক্ষেতে কাজ করতে যাওয়ার পথে ওই গৃহবধূর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় বলে জানান পিপি।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গৃহবধূকে পিটিয়ে হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার মানিকগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ এফ এম নূরতাজ আলম বাহার।
দণ্ড পাওয়া মো. রফিক মিয়া (৫২) উপজেলার সরফদিনগর গ্রামের মো. শফিকের ছেলে।
পিপি বাহার জানান, রফিকের সঙ্গে প্রতিবেশী নাজমা বেগমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। ২০২১ সালের ৪ জুন সকালে নাজমা বাড়ির পাশে মরিচ ক্ষেতে কাজ করতে যাওয়ার পথে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন রফিক।
গুরুতর অবস্থায় নাজমাকে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নাজমার ছেলে মো. জনি মিয়া হরিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন।
পিপি জানান, তদন্ত শেষে ২০২১ সালের ৬ জুলাই রফিককে আসামি করে এস আই মো. আরিফ উল্লাহ আদালতে অভিযোগপত্র প্রদান করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি বাহার।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী রেজা ফেরদৌস আহমেদ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
