রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধানের দায়িত্বে ডিন
বিভাগীয় প্রধানের পদটি প্রায় দুই মাস ধরে শূন্য থাকায় একাডেমিক বিভিন্ন সমস্যায় পড়ছিলেন শিক্ষার্থীরা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান করা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোরশেদ হোসেনকে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে কর্মরত শিক্ষকদের মধ্যে আইনগত জটিলতা থাকায় এবং উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের স্থাপনকল্পে প্রণীত ২০০৯ সনের ২৯ নম্বর আইনের ধারা ১১ (১১) অনুসারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হল। তার এই নিয়োগ ১২ মে থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে বিভাগীয় প্রধানের পদ প্রায় দুই মাস ধরে শূন্য থাকায় একাডেমিকভাবে বিভিন্ন সমস্যায় পড়েন শিক্ষার্থীরা। সমস্যা সমাধানের জন্য গত ৫ ও ৬ মে একাডেমি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য এক সপ্তাহের সময় চাইলে শিক্ষার্থীরা সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন করে কর্মসূচি থেকে সরেন।
জানা যায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম গত ১০ মার্চ বিভাগীয় প্রধান হিসেবে তার দায়িত্বের মেয়াদ শেষ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার কথা ছিল বিভাগের অপর সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের।
কিন্তু তার নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে একটি পক্ষের করা মামলা জটিলতার কারণে বিভাগীয় প্রধানের দায়িত্ব পাননি তিনি।
পরে গত ১০ মার্চ সহকারী অধ্যাপক নিয়ামুন নাহারকে এ পদে দায়িত্ব দেওয়া হলেও তিনি তা নিতে অস্বীকৃতি জানান।
এরপর ১২ মার্চ সহকারী অধ্যাপক সারোয়ার আহমাদ এবং ১৯ মার্চ সহকারী অধ্যাপক মো. রহমতুল্লাহকে বিভাগটির প্রধানের দায়িত্ব দেওয়া হলে তারাও তা গ্রহণ করেননি। ফলে বিভাগটির বিভাগীয় প্রধানের পদটি এত দিন শূন্যই ছিল।
