ছাত্র-জনতার মিছিলে হামলা: সাভারে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
চব্বিশের ৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ।
সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতা মিছিলে হামলার ঘটনায় করা হত্যা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে সাভার পৌর এলাকার অন্ধ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম।
গ্রেপ্তার আজগর আলী সাভার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। চব্বিশের ৫ অগাস্টের পর থেকে যুবলীগ নেতা আজগর আলী আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ।
ওসি সাইফুল আলম বলেন, যুবলীগ নেতা আজগরের বিরুদ্ধে জুলাই-অগাস্টে সাভারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও একাধিক হত্যা মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আটক করা সম্ভব হয়।
তিনি বলেন, আজগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
