তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা-লুটপাট, মামলা
রাজবাড়ীর এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া রাজবাড়ী সদরের দৃষ্টি প্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান।
এ ঘটনায় রাতেই গফুর মল্লিকের পালক ছেলে বাতেন মল্লিক রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বাতেন মল্লিক বলেন, “সন্ধ্যার পর একদল লোক দেশি অস্ত্র নিয়ে বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া ভাঙচুর করে এবং ঘরে থাকা ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
“শুধু গফুর মল্লিকই নন, হামলাকারীরা তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা করে ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ মালামাল ও অর্থ লুট করে নিয়ে যায়।”
ওসি জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
৭৫ বছর বয়সি দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাসে-ট্রেনে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার এমন জীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত বছরের ৩০ অক্টোবর তারেক রহমানের নির্দেশে এক লাখ ৭০ হাজার টাকা দিয়ে গফুর মল্লিককে ঘর তৈরি করে দেওয়া হয়।
