২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন থেকে ‘সুমন বাহিনী’র ৪ সদস্য গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

তাদের বিরুদ্ধে বনে ডাকাতি ও ‘সুমন বাহিনী’ দলকে অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগ রয়েছে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 07:24 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

সুন্দরবনে অভিযান চালিয়ে ‘বনদস্যু প্রধান সুমন বাহিনী’র চার সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, চারটি গুলি ও খোসা।

শনিবার দুপুরে গ্রেপ্তারদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করার কথা জানিয়েছেন মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের মুখপাত্র লেফটেন্যান্ট মো. খালিদ সাইফুল্লাহ।

তাদের বিরুদ্ধে বনে ডাকাতি ও ‘বনদস্যু প্রধান সুমনের’ দলকে অবৈধ অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগ রয়েছে বলে কোস্ট গার্ড বলছে।

এর আগে শুক্রবার রাতে সুন্দরবনের পশুর নদের ছোট পদ্মাখালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোস্ট গার্ড।

গ্রেপ্তাররা হলেন- মো. বিল্লাল হোসেন (২৫), মো. রবিউল শেখ (৩২), মো. জিন্নাত হাওলাদার (৩৫) এবং মো. কালাম গাজী (২৪)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বলেন, পশুর নদের ছোট পদ্মাখালে বনদস্যু বাহিনী প্রধান সুমনের সহযোগীরা অবস্থান করছেন, এমন খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। 

পরে তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়। ‘সুমন বাহিনী’র বিরুদ্ধে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তাররা বনে দস্যুতা করার কথা স্বীকার করেছেন বলে দাবি কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

অন্যদিকে খুলনার রুপসা এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা ও নগদ ১৭ হাজার টাকাসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।