২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ‘রডের আঘাতে’ রেস্তোরাঁ শ্রমিকের মৃত্যু, আটক ১

পরটা ভাজা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়।

জয়পুরহাটে ‘রডের আঘাতে’ রেস্তোরাঁ শ্রমিকের মৃত্যু, আটক ১
কুসুম সুইটস

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2025, 06:28 PM

Updated : 26 Aug 2026, 12:26 PM

জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় তুচ্ছ ঘটনার জেরে লোহার রডের আঘাতে রেস্তোরাঁ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই রেস্তোরাঁর আরেক শ্রমিককে আটক করা হয়েছে।

রোববার সকালে ওই এলাকার কুসুম সুইটস নামে রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম সিদ্দিক জানান। 

নিহত জাহিদ হাসান (৪৫) ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে। 

আটক শাহিন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি নুর আলম সিদ্দিক বলেন, “পরটা ভাজা নিয়ে জাহিদের সাথে শাহিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন লোহার রড দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন। এতে জাহিদ লুটিয়ে পড়েন। পরে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। 

পরে বিকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।” 

এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।