জামালপুরে চার ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এই জরিমানা করা হয়।
জামালপুর শহরে অভিযান চালিয়ে চার ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে পৌরসভার ডাকপাড়ায় ও জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি জানান।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্টার, স্টার ওয়ান, কিংস ও রুপালি ব্রিকসের মালিককে ছয় লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
“এ ছাড়াও তৈরি করা কাঁচা ইট পানি এবং ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।”
এ অভিযান জামালপুরসহ সারাদেশে অব্যাহত থাকবে বলে জানান সুলতানা সালেহা সুমি।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
