গাইবান্ধায় ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম।
মারা যাওয়া বাশেদ আলী মধ্য ওসমানেরপাড়া গ্রামের কুদ্দুর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, বাশেদ আলী ভোট দিয়ে বাইরে বের হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম বলেন, নিহতের ছোট ভাই সাইদুর রহমান ওই কেন্দ্রে একটি প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে লিখিতভাবে অবহিত করে অন্য একজনকে দায়িত্ব দিয়ে তিনি চলে যান।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির বলেন, “বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। এটি স্বাভাবিক মৃত্যু বলে জানা গেছে।”
