২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ, যানজটে ভোগান্তি

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকরা ২১ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 10:07 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

গাজীপুরে বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চারটি কারখানার শ্রমিকরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বুধবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিক ছাড়াও বিভিন্ন শিল্পের সঙ্গে জড়িতরা বিক্ষোভ করেছেন।

সকাল সাড়ে ৯টার দিকে মহানগরের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন সিরুধ পোশাক কারখানার শ্রমিকরা। পরে শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে তারা কারখানায় প্রবেশ করেন।

বেতন-ভাতার দাবিতে সকাল ৯টার দিকে গাছা থানার হাজীর পুকুর এলাকার ফুল ইভার বিডি লিমিটেড কারখানার প্রায় ৫০০ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেন। 

এ সময় মহাসড়কের উভয় পাশ বন্ধ হয়ে গেলে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট তৈরি হয়। দুপুর ১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফুল ইভার বিডি লিমিটেড কারখানা শ্রমিক আব্দুল গণি মিয়া জানান, দুই মাস ধরে তারা বেতন ভাতা পাচ্ছেন না। কয়েক দিন ধরে একাধিকবার বেতনের কথা বলা হচ্ছে, কিন্তু কারখানা কর্তৃপক্ষ শুনছেন না। 

এদিকে সকালে ২১ দফা দাবিতে কালিয়াকৈর উপজেলায় অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

এ সময় পাঁচজন শ্রমিককে পুনর্বহাল, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি ও অসৎ কর্মকর্তাদের অপসারণসহ ২১ দফা মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা।

খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বস্ত দেওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক ছেড়ে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা।

অন্যদিকে টঙ্গী উপজেলায় ওষুধ উৎপাদনকারী ‘নুভিস্তা ফার্মা লিমিটেড’ কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে মিল গেইট এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।

এর আগে সোমবার বিকালে কারখানা কর্তৃপক্ষের কাছে ১২ দফা দাবি জানান শ্রমিকরা। সেইদিন কারখানা কর্তৃপক্ষ বুধবারের মধ্যে শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেয়।

বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানাটি বন্ধ দেখতে পান। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশের অনুরোধে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

শ্রমিকরা জানান, বুধবার তাদের দাবিগুলো মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু সকালে এসে দেখেন কারখানা বন্ধ। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করা হয়েছে বলে নিরাপত্তাকর্মীরা জানান।

কারখানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছেন বলে শ্রমিকদের ভাষ্য।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, কারখানা বন্ধ দেখে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ ছাড়া কারখানার কোনো কর্মকর্তা কাজে যোগ দেননি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

তবে বুধবার বিকালের মধ্যে নগরীর অধিকাংশ কারখানায় বেতন-ভাতা দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের এই কর্মকর্তার।