শেরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান
এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নদ-নদী, খাল, পাহাড় ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান।
এ সময় অবৈধ বালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. নুর মোহাম্মদ (২০) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনটি ট্রলি ও একটি বালুবোঝাই মাহিন্দ্রা (তিন চাকার যান) আটক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, চলতি বছরের ৮ এপ্রিল শেরপুরের জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯(৪) অনুযায়ী নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সব বালুমহাল বিলুপ্তি ঘোষণা করা হয়।
এরপরেও প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট রাতের আঁধারে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল, পাহার ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে।
ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “আমাদের পরিচালিত অভিযানে বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সরকারি সম্পদ রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
