১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

চৌহালীতে ত্রাণের সাড়ে ৭ টন চাল গায়েব, ইউপি চেয়ারম্যানদের খোঁজ নেই

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 02:56 PM

Updated : 24 Sep 2026, 04:08 PM

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্যা, নদীভাঙন ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা জিআরের প্রায় সাড়ে ৭ টন চালের হদিস মিলছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল বলেন, “বাঘুটিয়া ও খাসপুখুরিয়া ইউনিয়নে বরাদ্দ করা সাড়ে ৭ টন জিআরের চাল গোডাউনে সংরক্ষিত নেই। বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসককে জানানো হয়েছে।”

এ বিষয়ে জানতে খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ও বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাঘুটিয়া ইউপি সচিব অপূর্ব সরকার জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে বুধবার ৬০০ মানুষের মধ্যে মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। তবে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কাউকে না জানিয়ে চাল উত্তোলন করে বিনানই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ৫২০ বস্তা চাল মজুত করে রাখেন।

 বিষয়টি জানাজানি হলে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে ৮০ বস্তা চাল কম থাকার বিষয়টি নিশ্চিত হন। এরপর ওই ৮০ বস্তা বা দুই হাজার ৪০০ কেজি চালের কোনো হদিস না পাওয়ায় চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

 তিনি বলেন, একই দিন খাসপুখুরিয়া ইউনিয়নে জিআরের পাঁচ টন চালেরও কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 ইউএনও মেহেদী হাসান শাকিল বলেন, “ঘটনার পর থেকে ওই দুই ইউপি চেয়ারম্যান গা ঢাকা দিয়েছেন। তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ঊর্ধ্বতনদের পরামর্শে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”