২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

গোসাইবাড়ী শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে ধুনট থানার ওসি সাইদুল ইসলাম জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 02:54 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

রোববার গভীর রাতে উপজেলার গোসাইবাড়ী-বানিয়াজান সড়কের ফকিরপাড়া এলাকায় গোসাইবাড়ী শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে ধুনট থানার ওসি সাইদুল ইসলাম জানান।   

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাসুদ রানা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে তারা প্রস্তুত ছিলেন। আগুন নিয়ন্ত্রণের জন্য বালু ও পানি রেখেছিলেন। নৈশপ্রহরীর পাশাপাশি নিজেরাও জেগে ছিলেন। 

তিনি বলেন, “নৈশ প্রহরী বারান্দায় ছিলেন। তিনি কক্ষের ভিতরে যাওয়ার পর পরই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পেট্রোল ঢেলে আগুন বারান্দায় আগুন দেওয়া হয়। অগ্নিসংযোগকারীরা মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছি। এ ঘটনায় বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

এক প্রশ্নের জবাবে ব্যবস্থাপক বলেন, “সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে।”

ব্যাংকের নৈশ প্রহরী শহিদুল ইসলাম বলেন, “স্যারদের কথামত আমি বারান্দায় সজাগ ছিলাম। রাত ৩টার দিকে জরুরি প্রয়োজনে বারান্দা থেকে ভিতরের দিকে গেলে এ ঘটনা ঘটে।”

আগুনে বারান্দায় থাকা একটি ব্যানার ও একটি চেয়ার পুড়ে গেছে। সোমবার সকালে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, ধুনট থানার ওসি সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধুনট থানার ওসি সাইদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিসংযোগকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।