২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তোমাদের তো অস্তিত্ব থাকার কথা না’, ছাত্রলীগ নেত্রীদের রাবি প্রাধ্যক্ষ

“কোনো পরিস্থিতিতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ ধরনের কথা বলার এখতিয়ার নাই," বলেন এক শিক্ষক।

‘তোমাদের তো অস্তিত্ব থাকার কথা না’, ছাত্রলীগ নেত্রীদের রাবি প্রাধ্যক্ষ
জামিরুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2024, 12:33 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীদের নিয়ে এক হল প্রাধ্যক্ষের করা মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বইছে।

প্রাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, তার বক্তব্যে ছাত্রলীগের নেত্রীদের ‘অস্তিত্ব থাকার কথা না' এমন ভাষ্য যেমন এসেছে, তেমনই ছাত্রলীগ নেত্রীরা অন্য শিক্ষার্থীদের পতিতাবৃত্তিতে বাধ্য করেছে বলেও তিনি মন্তব্য করেছেন।

অভিযোগ ওঠা অধ্যাপক জামিরুল ইসলাম রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পান। বৃহস্পতিবার দুপুরে শেখ ফজিলাতুন্নেসা হলের এক বৈঠকে তিনি ওইসব মন্তব্য করেন।

ওই ছাত্রী হলে ছাত্রলীগ নেত্রীদের অবস্থান নিয়ে অন্যান্য হলের প্রাধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রাধ্যক্ষ লাভলী নাহার। সেখানে উপস্থিত ছাত্রলীগের নেত্রীদের উদ্দেশে অধ্যাপক জামিরুল আক্রমণাত্মক কথাবার্তা বলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড এই প্রতিবেদকের হাতে এসেছে। এতে অধ্যাপক জামিরুলকে বলতে শোনা যায়, “তোমাদের বিরুদ্ধে সিরিয়াস (গুরুতর) অভিযোগ আছে। তোমরা এই হলের মেয়েদের প্রস্টিটিউশনে (পতিতাবৃত্তি) বাধ্য করেছো। কে করেছো, কারা করেছো এসব পরের কথা। তোমরাই করেছো। ছাত্রলীগ করেছে।"

ছাত্রলীগ নেত্রীদের ধর্ষকের সহযোগী আখ্যা দিয়ে ওই শিক্ষক বলেন, “তোমরা জানো, এই আন্দোলন করতে গিয়ে কতগুলো মেয়ে ধর্ষণের শিকার হয়েছে তোমাদের কারণে? 

“শুধু ৫ তারিখের আন্দোলনেই কতগুলো মেয়ে ধর্ষণের শিকার হয়েছে তোমরা জানো? এই ধর্ষণের সহযোগী কারা? তোমরা।"

ওই বৈঠকের দিন কয়েক আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের ‘ছাত্রী নিপীড়ক’ ও ছাত্রলীগের পদধারী নেত্রীদের হলত্যাগের নির্দেশ দিয়েছিলেন হল প্রাধ্যক্ষ লাভলী। তবে যাদের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ নেই এবং আবাসিকতা আছে- এমন ছাত্রলীগ নেত্রীরা হলেই অবস্থান করছিলেন।

এ নিয়ে একদল ছাত্রীর তোপের মুখে পড়ে হল প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে অন্য হলের প্রাধ্যক্ষদের নিয়ে ছাত্রলীগ নেত্রীদের সঙ্গে বসেন প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী।

ওই বৈঠকে ছাত্রলীগের নেত্রীদের উদ্দেশে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ জামিরুল বলেন, “স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন করেছে।  হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, পঙ্গু হয়েছে। তোমাদের তো অস্তিত্ব থাকার কথা না৷ মাথামুন্ডু আলাদা হয়ে যাওয়ার কথা। 

“সেদিন তোমাদের একটা সিদ্ধান্ত দেওয়ার পরেও তোমরা যাওনি (হলত্যাগ)। এটা তোমরা আইন ভঙ্গ করেছে। প্রাধ্যক্ষের আদেশ অমান্য করেছো। তোমাদের হল থেকে বহিষ্কার করার জন্য সিম্পলি এই অভিযোগটাই যথেষ্ট।”

সমাজকর্ম বিভাগের এই শিক্ষক বলেন, “তোমরা জানো যে এর আগে কিছু ছেলেকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হতো, মামলা দেওয়া হতো,পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হতো, ক্রসফায়ারে দেওয়া হতো। তাদের দোষ ছিল একটাই তারা নামাজি। তাদের মুখে দাড়ি আছে। তাদের দোষ ছিল একটাই তারা টাকলুর উপরে প্যান্ট পরিধান করে। 

“সেই দোষে যদি এত ভালো ভালো ছেলেগুলোকে মামলা দেওয়া হয়ে থাকে, তাদের ক্রসফায়ারে দেওয়া হয়- তাহলে তোমাদেরকে সরাতে আমাদের কী লাগবে?"

ছাত্রলীগ নেত্রীদের হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে অধ্যাপক জামিরুল বলেন, “পুলিশ ফোর্স, সেনাবাহিনী সকল কিছু রেডি (প্রস্তুত) আছে। তোমরা যদি উল্টাপাল্টা কিছু করো, তাহলে প্রত্যেকটা মেয়েকে এখান থেকে অ্যারেস্ট (গ্রেপ্তার) করে থানায় নিয়ে গিয়ে চালান দেওয়া হবে। সকল কিছু আমাদের কাছে আছে।"

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তথ্যপ্রমাণ আদালতের বিষয়। প্রকাশ্যে এ ধরনের কথা বলাটাই তো শিক্ষকসুলভ নয়। 

“এ ধরনের শব্দ প্রয়োগ অন্যায় ও অগ্রহণযোগ্য। কোনো পরিস্থিতিতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ ধরনের কথা বলার এখতিয়ার নাই।" 

জানতে চাইলে অধ্যাপক জামিরুল ইসলাম বলেন,“প্রাধ্যক্ষ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো হলের প্রাধ্যক্ষ সাহায্য চাইলে আমরা যতজন পারি গিয়ে সমাধান করার চেষ্টা করতে পারি। সেই অবস্থান থেকেই আমার ওই হলে যাওয়া।

“ওই হলের কিছু মেয়েদের অভিযোগের প্রেক্ষিতেই আমি সেসব কথা বলেছিলাম। তবে আমার এসব কথা বলার আগে আরও সতর্ক থাকা উচিত ছিলো।"

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদকাসক্ত, চাঁদাবাজি, সিটবাণিজ্য ও দেহব্যবসার বিষয় উল্লেখ করে হলের সাধারণ শিক্ষার্থীরা নিপীড়নকারীদের হল ত্যাগের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছিল। এসবে জড়িতরা কেন হলত্যাগ করছে না, সে বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা আমাকে চাপ প্রয়োগ করে।

“হলে এখনও আবাসিক শিক্ষক নিয়োগ হয়নি। প্রাধ্যক্ষ পরিষদের নির্দেশনা অনুযায়ী আমি অন্যান্য হলের প্রাধ্যক্ষদের সহযোগিতা নিই।"

তিনি বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্তদের আপাতত বাইরে থাকার কথা বলি। পরবর্তীতে নির্দোষ প্রামাণিত হলে তারা হলে ফিরতে পারবেন বলেও জানাই। অভিযুক্ত এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্তটি নেওয়া হয়। 

“যেহেতু শিক্ষার্থীরাই আবেদনে দেহব্যবসার কথা লিখেছে, তাই আবেদনের বরাত দিয়েই অধ্যাপক জামিরুল ইসলাম ওই কথা বলেন। তিনি নিজের জায়গা থেকে এটা বলেননি।" 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “যে শিক্ষক এ ধরনের মন্তব্য করেছেন, তার কাছে কোনো তথ্য প্রমাণ আছে কি না সেটা একটা বিষয়। যদি থাকে তাহলে এক বিষয়, আর না থাকলে অন্য বিষয়। আমি এ বিষয়টি দেখব।"