জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
২০০৫ সালে বুলু মিয়ার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
জয়পুরহাটে ১৯ বছর আগের হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার জয়পুরহাটের অতিরিক্ত দ্বিতীয় দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার দস্তপুর গ্রামের বাচ্চু মিয়া, এমরান আলী নুহু এবং বাবু মিয়া।
যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, সদর উপজেলার চক দাদরা এলাকার আব্দুর রশিদের ছেলে বুলু মিয়া দস্তপুর গ্রামের মৃত কুদ্দুসের মেয়ে তাহেরা বেগমকে বিয়ে করে সেখানেই ঘরজামাই হিসেবে বসবাস করতেন।
২০০৫ সালের ৩ এপ্রিল রাতে তিনি বাড়ি থেকে বের আর ফেরেননি। পরের দিন ওই গ্রামের একটি বায়োগ্যাস তৈরি টাংকির উপর বুলু মিয়ার গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশি তদন্তে জানা যায়, নিখোঁজ হওয়ার রাতেই পারিবারিক বিরোধের জেরে বুলুকে গলা কেটে হত্যা করেন আসামিরা।
তদন্তকারী কর্মকর্তা এসআই আমজাদ হোসেন ২০০৫ সালের ৯ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আলাদত বুধবার তাদেরকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।
