১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদ, ইউপি সদস্যকে জেল-জরিমানা

ইউপি সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 11:51 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

চুয়াডাঙ্গা সদরে অবৈধভাবে মজুদ করা প্রায় এক হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ইউপি সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আমিনুল ইসলাম।

দণ্ড পাওয়া শাহিনুর ইসলাম মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

শাহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল মজুদ করে আসছিলেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশে তিনি এসব তেল সংরক্ষণ করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযান চলাকালে তার বাড়ি থেকে পাঁচ ব্যারেল ডিজেল জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়।

অভিযানের সময় কিছু ব্যক্তি সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, দণ্ড পাওয়া ব্যক্তি জনপ্রতিনিধি হওয়ায় তার বিরুদ্ধে স্থানীয় সরকার সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।