২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই বোনের

পুলিশ জানায়, খেলার ছলে বাড়িতে থাকা ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ তারে হঠাৎ করে হাত দেয় ওই দুই শিশু।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2025, 07:41 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান। 

নিহতরা হলেন- ওই গ্রামের সোলাইমান আলীর মেয়ে সাইফা (৭) এবং সাইদুর রহমানের মেয়ে হামিদা (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। 

ওসি কবির বলেন, সাইফা তার চাচা মিলনের বাড়িতে হামিদাকে নিয়ে খেলা করছিল। খেলার ছলে বাড়িতে থাকা ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ তারে হঠাৎ করে হাত দেয় তারা। 

“এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাসার কেউ বিষয়টি বোঝার আগেই ঘটনাস্থলে দুজন মারা যায়। মারা যাওয়ার পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে পায়।”

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। 

আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।