২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে চার পায়ের বক দেখতে মানুষের ভিড়

প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে তিনি ধারণা করছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 03:56 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চার পায়ের দেশি প্রজাতির কানি বক দেখতে মানুষের ভিড় জমেছে। 

উপজেলার বালাটারী গ্রামের ফেরিওয়ালা আব্দুর রশীদের বাড়িতে বকটি রয়েছে। রশীদ গ্রামে গ্রামে ঘুরে হাড়ি-পাতিল ও অ্যালুমিনিয়ামের সামগ্রী বিক্রি করে থাকেন। 

আব্দুর রশীদ জানান, কয়েকদিন আগে তিনি ফেরি শেষে বাড়ি ফিরছিলেন। তখন পুকুর পাড়ের রাস্তায় কানি বকটি হাঁটছিল। তার বুক থেকে আলাদা দুটি পা ঝুলছিল। প্রথমে ভেবেছিলেন, পাখার মধ্যে হয়ত বাচ্চাকে লুকিয়ে রেখেছে। কিন্তু পাখা মেলে উড়ে যাওয়ার সময় খেয়াল করলেন বকটির আসলে দুটি নয়, চারটি পা।

তিনি বলেন, “তখন উৎসাহের বশে বাড়িতে মালপত্র রেখে বকটি ধরার চেষ্টা করি। এবং কৌশলে হাত দিয়েই ধরে ফেলি। পরে বাড়িতে এনে খাঁচায় বন্দি করে রাখি। বাজার থেকে মাছ কিনে এনে খাওয়াচ্ছি, যত্ন নিচ্ছি। তারপর থেকেই লোকজন আসছে বকটি দেখতে।” 

স্থানীয় সাংবাদিক অনিল চন্দ্র রায় বলেন, “আমরা এ ধরনের বক আর দেখিনি। নানা জনের কাছে জিজ্ঞাসও করেছি। তারা দেখেননি। চার পায়ের বক এই প্রথম দেখলাম। 

“তবে বকটিকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এটা ঠিক না। বন্যপ্রাণী বন্দি করে রাখা যাবে না। সেটা আব্দুর রশীদকে অবগত করা হয়েছে।” 

বকটি দেখতে বদিয়ত আলী পাশের দাসিয়ারছড়া গ্রাম থেকে ছুটে এসেছেন। তিনি বলছিলেন,  “আমার ৫০ বছরের জীবনে এমন চার পায়ের বক দেখিনি।” 

ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাতির বক। গ্রামের মানুষজনের কাছে ‘কানি বক’ বলে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে তিনি ধারণা করছেন।