Published : 07 Jul 2026, 05:52 PM
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নদী থেকে নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার পজেলার কোনাকালিহর মাইজপাড়া গ্রামে থেকে তাকে আটক করা হয় বলে জানান পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
আটক সাজন মিয়া (২৫) ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, ২৯ জুন সকালে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় সেদিনই পূর্বধলা থানার এসআই মারুফ খান মামলা করেন।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “সাজন মিয়া ১২ বছর বয়সী এক কিশোরীকে খালিঘরে একা পেয়ে ধর্ষণ করে। ওই ঘটনায় কিশোরীটি গর্ভবতী হয়। ২৮ জুন রাতে ওই কিশোরী একটি মৃত কন্যাশিশুর জন্ম দেয়।”
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে সাজন মিয়া শিশুটিকে কালো রঙের একটি শার্টে পেঁচিয়ে রশি দিয়ে ইটের সঙ্গে বেঁধে কালিহর নদীতে ফেলে দেওয়ার কথা জানিয়েছে।”
ওসি বলেন, “আটকের পর জিজ্ঞাসাবাদে সাজন মিয়া দোষ স্বীকার করায় তাকে দুপুরের দিকে ধর্ষণ ও ভ্রূণহত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বুধবার তাকে নেত্রকোণার বিচারিক আদালতে পাঠানো হবে।”
আরও পড়ুন: