১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় নদী থেকে ইটের সঙ্গে বাঁধা নবজাতকের লাশ উদ্ধার

ময়নাতদন্তের জন্য অজ্ঞাত নবজাতকের লাশটি নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 04:29 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

নদীতে নবজাতকের লাশ থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই নবজাতকের লাশ কালো শার্টে পেঁচিয়ে লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।