২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের ঐতিহাসিক পালগিরি মসজিদ রক্ষায় স্মারকলিপি

প্রায় পাঁচ শতাব্দী পুরনো এই মসজিদ স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন হিসেবে পরিচিত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 09:38 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহাসিক পালগিরি মসজিদ রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।  

রোববার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনের কাছে চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় সংগঠনটির আহ্বায়ক আলম পলাশ, সদস্যসচিব কাদের পলাশ, সদস্য আল ইমরান শোভন ও ইব্রাহিম রনি উপস্থিত ছিলেন। 

স্মারকলিপিতে বলা হয়, গৌহাট ইউনিয়নে অবস্থিত পালগিরি মসজিদটি জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। প্রায় পাঁচ শতাব্দী পুরনো এই মসজিদ স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন হিসেবে পরিচিত। জেলা প্রশাসনের বিভিন্ন প্রকাশনাতেও এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে মসজিদটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। আরও উদ্বেগজনক বিষয় হল, মসজিদের সামনে স্থানীয় কিছু ব্যক্তি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন, যা ঐতিহাসিক স্থাপনাটির সৌন্দর্য ও প্রাচীন স্থাপত্যশৈলীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। 

সংগঠনের আহ্বায়ক আলম পলাশ বলেন, “পালগিরি মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি চাঁদপুরের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের স্থাপনা ধ্বংস হয়ে গেলে তা দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়াবে।”

তিনি বলেন, তাই অবিলম্বে মসজিদটিকে সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কার, সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট স্থানে চলমান নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।