২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে মাকে হত্যা, আটক ছেলে

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 06:35 PM

Updated : 24 Sep 2026, 06:47 PM

রাজশাহীর মোহনপুরে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

এ সময় বাধা দিতে গেলে বাবাকেও কুপিয়ে জখম করেন তিনি।

বৃহস্পতিবার সকালে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার জানান।

নিহত নারীর নাম জান্নাতুন; বয়স ৫৫। তার ছেলে আমিনুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আমিনুল ইসলাম মাদক সেবন করতেন। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। তাকে নিয়ন্ত্রণে আনতে পরিবারের সদস্যরা বিভিন্নভাবে চেষ্টা করেও ব্যর্থ হন।

সকালে আমিনুল হাসুয়া দিয়ে তার মা জান্নাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমিনুল ইসলামকে আটক করে মোহনপুর থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, “মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে পুলিশ আটক করেছে।

“নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”